সারাদেশ

টিকটক পরিচয়ে ফাঁদ: দেখা করার কথা বলে অপহরণ ও মুক্তিপণ- কালিয়াকৈরে প্রতারক আফরিনসহ চক্র গ্রেপ্তার

  প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২৬ , ৬:৪১:০৯ প্রিন্ট সংস্করণ

গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের কালিয়াকৈর এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ব্যবহার করে প্রতারণা, অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে আফরিন নামের এক নারীসহ একটি সংঘবদ্ধ চক্রকে গ্রেপ্তার করেছে কোনাবাড়ি থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে,চক্রটি দীর্ঘদিন ধরে টিকটকের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে বন্ধুত্ব ও সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে দেখা করার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের নির্দিষ্ট স্থানে ডেকে এনে অপহরণ করা হতো।পরে ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যদের ফোন করে প্রাণনাশের হুমকি দিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করা হয়।

সম্প্রতি এই চক্রের ফাঁদে পড়ে এক ভুক্তভোগীর কাছ থেকে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ ওঠে।বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনাবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়।অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পুলিশ আরও জানায়,এ ঘটনায় কোনাবাড়ি থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত চলমান রয়েছে।

স্থানীয়রা জানান,সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এ ধরনের অপরাধ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।তারা প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে পুলিশ নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে জানায়,অপরিচিত ব্যক্তির সঙ্গে অনলাইন সম্পর্ক,হঠাৎ দেখা করার সিদ্ধান্ত এবং ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি।

আরও খবর

Sponsered content