প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৬ , ৪:৩৯:৫২ প্রিন্ট সংস্করণ
বরিশাল প্রতিনিধি:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শ্রীপুর গ্রামের এক জেলের মৃত্যুকে কেন্দ্র করে কোস্টগার্ডের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে।নিহত ব্যক্তির নাম হাবীব মাঝি (৫২)।তিনি ওই এলাকার মৃত আঃ গনি মাঝির ছেলে।

স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে কালাবদর নদীতে জাটকা নিধন প্রতিরোধ অভিযানের সময় কোস্টগার্ড সদস্যদের মারধরের শিকার হন হাবীব মাঝি।একপর্যায়ে তিনি নদীতে পড়ে নিখোঁজ হন। নিখোঁজের প্রায় ৫ ঘণ্টা পর স্থানীয় জেলেরা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান,হাবীব মাঝি নদী সিকস্তিতে ক্ষতিগ্রস্ত এক অসহায় জেলে পরিবারের সদস্য। জীবিকার তাগিদে তিনি কালাবদর নদীতে মাছ ধরতে যান।এ সময় কোস্টগার্ড সদস্যরা তাকে ধাওয়া করে এবং মারধর করে বলে অভিযোগ ওঠে। মারধরের একপর্যায়ে তিনি নদীতে পড়ে যান।
নিহতের পরিবারের অভিযোগ,মরদেহ উদ্ধারের পর কোস্টগার্ড ও পুলিশ প্রশাসন ভয়ভীতি দেখিয়ে ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে বাধ্য করে।পাশাপাশি পরিবারকে ৭ লাখ টাকা ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হলেও শুক্রবার পর্যন্ত একটি টাকাও দেওয়া হয়নি।
এ বিষয়ে বক্তব্য জানতে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ,কোস্টগার্ড এবং সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয়রা নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।















