প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৩৯:০৫ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।রংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে নিহত রূপলাল দাস (৪০) ও প্রদীপ লাল দাসের (৩৫) পরিবারকে ১০ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।
এর আগে গত বছরের ৯ আগস্ট রাতে তারাগঞ্জ উপজেলার সায়ার ইউনিয়নের বটতলা বুড়িরহাট এলাকায় গণপিটুনিতে নিহত হন রূপলাল দাস ও প্রদীপ লাল দাস।তারা সম্পর্কে আত্মীয়।নিহত রূপলাল দাস তারাগঞ্জের কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামের বাসিন্দা ছিলেন এবং স্থানীয় বাজারে জুতা সেলাইয়ের কাজ করতেন। অপর নিহত প্রদীপ লাল দাস মিঠাপুকুর উপজেলার ছড়ান বালুয়া গ্রামের বাসিন্দা এবং ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
ঘটনাটি নিয়ে গত বছরের ১২ আগস্ট ‘একের পর এক গণপিটুনি,১০ দিনে নিহত ৯’ শিরোনামে দৈনিক প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়।ওই প্রতিবেদনসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ যুক্ত করে নিহতদের পরিবারকে ১০ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে আইন ও সালিশ কেন্দ্র (আসক) হাইকোর্টে রিট দায়ের করে।
রিটের শুনানিতে আসকের পক্ষে আইনজীবী মো. শাহীনুজ্জামান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান উপস্থিত ছিলেন।
রুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব,আইন মন্ত্রণালয়ের সচিব,পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), রংপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং তারাগঞ্জ থানার ওসিসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।















