প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৬ , ৫:০২:০৬ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।নারীদের নেতৃত্ব প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থান আবারও আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ আমীরে জামাত ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টে নারীদের নেতৃত্বের বিরোধিতা করে কঠোর বক্তব্য উঠে আসে।

পোস্টে বলা হয়,“নারীদের নেতৃত্বে আসা উচিত নয়—এটি জামায়াতের নীতিগত অবস্থান।আমরা মনে করি,আল্লাহ তায়ালা নারীদের নেতৃত্বের অনুমতি দেননি।” একই সঙ্গে আধুনিকতার নামে নারীদের ঘরের বাইরে বের করে আনার ফলে শোষণ,নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতা বাড়ছে বলেও মন্তব্য করা হয়।সেখানে কর্মক্ষেত্রে হয়রানি,সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীলতা এবং নারীদের পণ্যে পরিণত করাকে ‘নৈতিক পতনের লক্ষণ’ হিসেবে উল্লেখ করা হয়।
পোস্টে আরও বলা হয়,“অনৈতিকতার সঙ্গে আমরা আপস করি না,তা যতই ফ্যাশনেবল হোক না কেন।” পোস্টের শেষে #জামায়াত২০২৬ ও #বিডিএলেকশন২০২৬ হ্যাশট্যাগ ব্যবহার করা হয়।
তবে এ বক্তব্য ছড়িয়ে পড়ার পরপরই জামায়াতে ইসলামীর প্রচার দলের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় জানানো হয়,আমীরে জামাত ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল,এবং তার নামে কিছু মিথ্যা ও বিভ্রান্তিকর পোস্ট দেওয়া হয়েছে।
প্রচার দলের ভাষ্য অনুযায়ী,বিষয়টি শনাক্ত করার পর প্রয়োজনীয় প্রযুক্তিগত ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে তারা দাবি করেন, ল“আমাদের বিরোধীরা যেকোনো কৌশল অবলম্বন করতে পারে,তবে আমরা জনগণ ও বাংলাদেশের ভবিষ্যতের জন্য ইতিবাচক ও নীতিগত রাজনৈতিক প্রচারণার পথেই থাকব।”
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।কেউ কেউ বিষয়টি জামায়াতের আদর্শিক অবস্থানের প্রতিফলন হিসেবে দেখছেন,আবার অনেকে হ্যাকিংয়ের দাবির সত্যতা যাচাইয়ের দাবি তুলছেন।

















