ডেস্ক রিপোর্ট।।সারাদেশে নিরবচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) সীমিত পরিসরে নির্দিষ্ট কিছু ব্যাংকের শাখা ও উপশাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএমএডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স,ডিস্ট্রিবিউটরস,এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে ব্যবসায়ীদের তেল ক্রয়ের সুবিধার্থে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) যুক্ত হওয়ায় টানা চার দিন ব্যাংক বন্ধ থাকার পরিস্থিতি তৈরি হয়। এতে জ্বালানি তেল সরবরাহে বিঘ্নের আশঙ্কা দেখা দেওয়ায় জনস্বার্থে ১৪ ফেব্রুয়ারি কিছু ব্যাংক শাখা খোলা রাখার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক।
যেসব ব্যাংকের শাখা খোলা থাকবে
বাংলাদেশ ব্যাংকের তালিকা অনুযায়ী পাঁচটি বাণিজ্যিক ব্যাংকের নির্দিষ্ট কিছু শিল্প ও বন্দর সংশ্লিষ্ট শাখা এই সেবার আওতায় থাকবে—
পুবালী ব্যাংক পিএলসি:
খুলনার খালিশপুর, নারায়ণগঞ্জের ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর, রংপুরের শাপলা চত্বর, চট্টগ্রামের আগ্রাবাদ, চাঁদপুর প্রধান শাখা, ঝালকাঠি, বরিশাল, কিশোরগঞ্জের ভৈরব বাজার এবং সিলেটের বড়ই কান্দি শাখা।
উত্তরা ব্যাংক পিএলসি:
খুলনার খালিশপুর শাখা।
জনতা ব্যাংক পিএলসি:
সিরাজগঞ্জের বাঘাবাড়ী ঘাট শাখা।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি:
সিরাজগঞ্জের বাঘাবাড়ী ঘাট শাখা।
ওয়ান ব্যাংক পিএলসি:
দিনাজপুরের পার্বতীপুর উপশাখা।
ব্যবসায়ী নেতারা জানান,টানা চার দিন ব্যাংক বন্ধ থাকলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) থেকে তেল উত্তোলন ও সরবরাহ ব্যবস্থায় জটিলতা তৈরি হতে পারে। এ কারণে পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করেন।
শনিবার বিশেষ এই শাখাগুলো খোলা থাকায় ডিলাররা প্রয়োজনীয় পে-অর্ডারসহ ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারবেন,ফলে দেশের পরিবহন ও কৃষি খাতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে।
![]()

























সর্বশেষ সংবাদ :———