নিজস্ব প্রতিবেদক।।আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোট গ্রহণের আগে ও পরে কিছু যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসির নির্দেশনা অনুযায়ী,১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত সারাদেশে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে।
এছাড়া ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব,পিকআপ,মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
তবে কিছু ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল থাকবে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,সশস্ত্র বাহিনী,প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকরা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।একই সঙ্গে জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন,ওষুধ ও চিকিৎসা সামগ্রী পরিবহনকারী এবং সংবাদপত্র বহনকারী যানবাহন চলাচলের অনুমতি পাবে।
বিমানবন্দরগামী যাত্রী ও স্বজনদের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা শিথিল থাকবে,তবে টিকিট বা সংশ্লিষ্ট প্রমাণপত্র প্রদর্শন করতে হবে। পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টদের জন্য রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে নির্দিষ্টসংখ্যক যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে।
সাংবাদিক,নির্বাচন পর্যবেক্ষক এবং জরুরি প্রয়োজনে ব্যবহৃত মোটরসাইকেলও নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে চলাচল করতে পারবে। এছাড়া টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনা করে বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহন নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
স্থানীয় প্রয়োজন ও বাস্তবতা বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রয়োজন অনুযায়ী আরও যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
![]()


















































সর্বশেষ সংবাদ :———