মেহেন্দিগঞ্জ(বরিশাল)প্রতিনিধি।।বরিশাল-৪ (হিজলা–মেহেন্দিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান বলেছেন,মেহেন্দিগঞ্জের সঙ্গে সংযোগ না দিয়ে ভোলা–বরিশাল সেতু নির্মাণ করা হবে না।এই দ্বীপাঞ্চলকে সারা দেশের সঙ্গে কার্যকর সড়ক যোগাযোগের আওতায় আনাই হবে বিএনপির অন্যতম অগ্রাধিকার।
রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে মেহেন্দিগঞ্জ উপজেলার সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয় (আরসি কলেজ) মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
রাজিব আহসান বলেন,বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ভোলা–বরিশাল সেতু নির্মাণ বাস্তবায়ন করা হবে এবং সেই সেতুর সংযোগ মেহেন্দিগঞ্জের সঙ্গে নিশ্চিত করা হবে।পাশাপাশি তিনি নির্বাচিত হলে কাজীরহাট থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার প্রতিশ্রুতি দেন।
তিনি আরও বলেন,“আমি আপনাদের অধিকার আদায়ের জন্য লড়াই করতে এসেছি।আপনারা পাশে থাকলে বিজয় সুনিশ্চিত।
বরিশালে অনুষ্ঠিত এক জনসভায় দলের চেয়ারম্যান তারেক রহমানের সামনে মেহেন্দিগঞ্জ–হিজলা ও কাজীরহাট থানার ভয়াবহ নদীভাঙনের বিষয়টি তুলে ধরার কথা উল্লেখ করে রাজিব আহসান বলেন,তারেক রহমান মনোযোগ দিয়ে বিষয়টি শুনেছেন এবং এই আসনের নদীভাঙন সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছেন।
দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করার প্রত্যাশা ব্যক্ত করেন।একই সঙ্গে এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নানা প্রতিশ্রুতি তুলে ধরেন।আগামী ১২ তারিখ ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করে ফলাফল নিয়ে ঘরে ফেরার আহ্বান জানান তিনি।
জনসভায় মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম,যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা ও গোলাম ওয়াহিদ হারুন,বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু,পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু,পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জিয়া উদ্দিন সুজন এবং বরিশাল উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক নলী মোহাম্মদ জামালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন,আসন্ন নির্বাচনে বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য।
জনসভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।সভা শেষে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।
![]()




















































সর্বশেষ সংবাদ :———