আন্তর্জাতিক ডেস্ক।।জাপানে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।রোববার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে সাধারণ ভোটাররা ভোট প্রদান করছেন। খবর জানিয়েছে বিবিসি।
এ নির্বাচনে দেশটির সংসদের নিম্নকক্ষের ৪৬৫টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১ হাজার ২৮৪ জন প্রার্থী।
চলতি বছরের ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী সানাই তাকাচি সংসদ ভেঙে দিয়ে ৮ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের ঘোষণা দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে,ব্যক্তিগত জনপ্রিয়তাকে পুঁজি করে ক্ষমতাসীন দলকে আবারও শক্ত অবস্থানে আনতেই আগাম নির্বাচনের সিদ্ধান্ত নেন তিনি।
গত অক্টোবরে জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া তাকাচি মাত্র চার মাস ধরে ক্ষমতায় রয়েছেন। স্বল্প সময়েই তার ব্যক্তিগত জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়েছে।
তবে প্রধানমন্ত্রী হিসেবে তাকাচির জনপ্রিয়তা আকাশচুম্বী হলেও তার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) একাধিক কেলেঙ্কারির কারণে জনসমর্থন হারিয়েছে। বিশ্লেষকদের মতে, ভোটাররা তাকাচিকে পছন্দ করলেও এলডিপিকে কতটা সমর্থন দেবেন—তা এখনো অনিশ্চিত।
সবশেষ জনমত জরিপে দেখা গেছে,এলডিপি ও জনতাবাদী জাপান ইনোভেশন পার্টির জোট নিম্নকক্ষের ৪৬৫টি আসনের মধ্যে প্রায় ৩০০টি আসন পেতে পারে।এতে করে গত বছর পার্লামেন্টের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানো এলডিপির জন্য বড় ধরনের রাজনৈতিক ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে।
নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী তাকাচি করছাড় ও সরকারি ভর্তুকির প্রতিশ্রুতি দিয়ে কিছু ভোটারের সমর্থন আদায় করেছেন।তবে সমালোচকদের মতে,এসব পদক্ষেপ জাপানের দীর্ঘদিনের ধীরগতির অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে।
![]()




















































সর্বশেষ সংবাদ :———