প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:১৭:১০ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।ঢাকায় ১১ বছর বয়সী এক গৃহপরিচারিকা শিশুকে নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিকুর রহমান এবং তার স্ত্রী বিথীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়,রাজধানীর একটি বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ করা শিশুটিকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।নির্যাতনের ফলে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও ক্ষত পাওয়া গেছে।
এজাহার ও প্রাথমিক তদন্ত অনুযায়ী,শিশুটিকে নিয়মিত মারধরের পাশাপাশি তপ্ত খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়ার মতো অমানবিক আচরণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। শিশুটির আর্থিক অসচ্ছলতার সুযোগ নিয়ে তাকে বাসায় কাজে নিয়োগ দেওয়া হয় বলে জানায় পুলিশ।
এক পর্যায়ে বিষয়টি জানাজানি হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শফিকুর রহমান,তার স্ত্রী বিথী এবং আরও দুইজনকে গ্রেপ্তার করে। আহত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান,“শিশুটির শরীরে একাধিক নির্যাতনের আলামত পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে।”
এ ঘটনায় মানবাধিকারকর্মী ও সাধারণ নাগরিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।মামলার তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
















