প্রতিনিধি ১৭ মে ২০২৫ , ৪:০০:০৮ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর মিরপুর মডেল থানার হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণের পর চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী মিঠু হালদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।
এ বিষয়ে তার আইনজীবী ওহিদুজ্জামান বিপ্পব বলেন,গত ৬ মে আদালত এ মামলায় অভিযোগপত্র আমলে নেওয়া হয়। আগের দিন ৫ মে তার মা মারা যান।
যেকারণে মিল্টন সমাদ্দার উপস্থিত হতে পারেননি। আমরা সময় চেয়ে আবেদন করেছিলাম।কিন্তু আদালত তা নামঞ্জুর করে মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী মিঠু হালদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।আজ তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন চান।
উল্লেখ্য,মিরপুরে গত বছরের ১ মে রাতে অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।তার বিরুদ্ধে জাল মৃত্যু সনদ তৈরি,টর্চার সেলে মানুষজনকে নির্যাতন ও মানবপাচারের অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয়।
পরবর্তীকালে রিমান্ড ও কারাবাস শেষে তিনি কারামুক্ত হন। তবে তদন্ত শেষে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় আদালতে অভিযোগপত্র দেন ডিবি পুলিশের পরিদর্শক আতাউর রহমান।
এ মামলায় মিল্টন সমাদ্দারের সঙ্গে তার স্ত্রী মিঠু হালদারকে অভিযুক্ত করা হয়।

















