কক্সবাজার জেলা প্রতিনিধি।।কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি প্রতিনিধি দল।
সোমবার সকালে তারা কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছে সেখান থেকে সরাসরি রোহিঙ্গা ক্যাম্পে যান।কংগ্রেসম্যানদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য এড কেইস ও অপরজন রিপাবলিকান পার্টির রিচার্ড ম্যাকরমিক।তারা মোট ১১ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দৌজা নয়ন জানিয়েছেন,সকালে কংগ্রেসের প্রতিনিধি দল কক্সবাজারে রোহিঙ্গা শরনার্থীদের সমন্বয় সংস্থা ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপের অফিসে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর,আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম সহ ইউএন-এর বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরে সকাল সাড়ে ১১টার দিকে কংগ্রেস প্রতিনিধি দল রোহিঙ্গা শরনার্থী শিবিরে পরিদর্শন করেন।সেখানে প্রতিনিধি দল ১২ নং ক্যাম্পে রোহিঙ্গাদের রেজিষ্ট্রেশন কার্যক্রম ১১ নং ক্যাম্পে শরনার্থীদের লার্নিং সেন্টার জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই ভাউচার সেন্টার পরিদর্শন করেন।দুপুরে কংগ্রেস প্রতিনিধি দল কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেন।
তারা রোহিঙ্গাদের জন্য ব্যয় বরাদ্দ খতিয়ে দেখাসহ সামগ্রিক আর্থিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
সবশেষ বিকাল সাড়ে ৫ টায় কক্সবাজারে অবস্থিত শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।কংগ্রেস প্রতিনিধিদল কক্সবাজার সফরকালে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সফর করে রোহিঙ্গাদের আর্থিক অবস্থাসহ সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
উল্লেখ্য,দুই কংগ্রেসম্যান কেইস ও ম্যাকরমিক যুক্তরাষ্ট্রের রোহিঙ্গাদের সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত আর্থিক তহবিল সংক্রান্ত কমিটির সদস্য।









































