নিজস্ব প্রতিবেদক:-জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষকে হয়রানি করতে মিথ্যা মামলা দায়ের করে ফেঁসে গেছেন বাদী নিজেই। এ অপরাধে বাদীকে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। মেহেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ্ রোববার (৭ আগস্ট) এ রায় দেন। দণ্ডিত ব্যক্তির নাম মো. হিফজ উদ্দিন। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। মেহেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বেঞ্চ সহকারী মোছা. শেফালী খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা যায়, প্রতিপক্ষের লোকজনকে হয়রানি করতে তাদের নামে মারধর, প্রাণনাশের হুমকিসহ কয়েকটি অভিযোগ এনে মো. হিফজ উদ্দিন একটি ফৌজদারি মামলা করেছিলেন। কিন্তু বিচার শেষে আদালতের কাছে স্পষ্ট হয় যে বাদীর অভিযোগ মিথ্যা ও হয়রানিমূলক। ফলে আদালত আসামিদের খালাস দিয়ে বাদীকেই জেল-জরিমানা করেন। আদালত তার আদেশে বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হলেও বাদী কিংবা তার কোনো একজন সাক্ষীও আদালতে এমন কোনো সাক্ষ্য দেননি। এমনকি বাদী নিজেও বলেছেন যে দুই-তিন নম্বর আসামি ঘটনাস্থলেই ছিলেন না। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এ মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এপ্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারা অনুযায়ী মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করায় বাদীকে সাজা দিয়ে কারাগারে পাঠান আদালত। Post navigation যশোর অভয়নগরে শিশু নাঈমা খাতুন- কে ধর্ষণ ও হত্যার রহস্য উন্মোচন–গ্রেফতার-০১ সুপ্রীম কোর্টের আইনজীবী হিসেবে মনোনীত হলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়