পাবনা প্রতিনিধি।।পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে ভোট পুনর্গণনার দাবিতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। গত শুক্রবার বিকেলে এ কর্মসূচি পালন করা হয়।
এবার প্রথমবারের মতো পাবনার এই দুটি আসনেই বিজয়ী হয়েছে জামায়াতে ইসলামী।তবে উভয় আসনেই বিজয়ী ও পরাজিত প্রার্থীদের ভোটের ব্যবধান ছিল চার হাজারের কম। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও বিএনপির নেতা-কর্মীদের মতে, দলীয় বিদ্রোহী প্রার্থীদের অংশগ্রহণই বিএনপির পরাজয়ের অন্যতম কারণ।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পাবনা-৩ আসনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।জামায়াতের প্রার্থী মুহাম্মদ আলী আছগর ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট পেয়ে বিজয়ী হন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি হাসান জাফির পান ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট।এ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম পান ৩৮ হাজার ২৭ ভোট।
দলীয় সূত্র জানায়,মনোনয়ন নিয়ে বিরোধের জেরে বিএনপির ভেতরে বিভক্তি তৈরি হয়।কয়েকজন মনোনয়নপ্রত্যাশী বিক্ষোভ ও কর্মসূচি চালিয়ে যান এবং শেষ পর্যন্ত আনোয়ারুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।এতে তৃণমূল নেতা-কর্মীরাও বিভক্ত হয়ে পড়েন।
অন্যদিকে পাবনা-৪ আসনে সাতজন প্রার্থীর মধ্যে জামায়াতের মো. আবু তালেব মণ্ডল ১ লাখ ৩৭ হাজার ৬৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন।বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান পান ১ লাখ ৩৩ হাজার ৮৭৫ ভোট।এ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জাকারিয়া পিন্টু পান ২৭ হাজার ৯৭০ ভোট।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলেছেন বিএনপির প্রার্থীরা।তাঁদের দাবি, বাতিল ভোটের সংখ্যা অস্বাভাবিক,কেন্দ্রভিত্তিক ফলাফলে গরমিল রয়েছে এবং কিছু কেন্দ্রে পোলিং এজেন্টদের জোরপূর্বক ফলাফল শিটে স্বাক্ষর করানো হয়েছে।এ বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত আবেদনও করা হয়েছে।
পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রহমান বলেন,দলীয় কিছু অসহযোগিতা থাকা সত্ত্বেও সাধারণ মানুষ ধানের শীষে ভোট দিয়েছেন,কিন্তু ভোট গণনায় জালিয়াতি হয়েছে বলে তারা মনে করেন।তাই ফলাফল পুনর্গণনার দাবি জানানো হয়েছে।
জেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকার বলেন,দলীয় বিদ্রোহ না থাকলে বিএনপি বিপুল ভোটে জয়ী হতে পারত। ইতোমধ্যে বিদ্রোহী দুই প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
![]()











































সর্বশেষ সংবাদ :———