নিজস্ব প্রতিবেদক।।এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চলতি মাসের বেতন দ্রুত ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠানোর লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) অধিদপ্তরের এক চিঠিতে জানানো হয়,আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে ইএমআইএস (EMIS) সিস্টেমে অনলাইনে ফেব্রুয়ারি মাসের এমপিও বিল সাবমিট করতে হবে।নির্ধারিত সময়ের মধ্যে বিল জমা না দিলে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের বেতন ইএফটির মাধ্যমে পাঠানো হবে না।
নির্দেশনায় বলা হয়েছে,প্রতিষ্ঠান প্রধানরা নিজস্ব আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে প্রবেশ করে প্রত্যেক শিক্ষক-কর্মচারীর প্রাপ্য এমপিও টাকার হিসাব পৃথকভাবে নির্ধারণ করে বিল জমা দেবেন।সাবমিট করা বিলের কপি ডাউনলোড করে প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা পর্ষদের সভাপতির স্বাক্ষরসহ সংরক্ষণ করতে হবে,যাতে ভবিষ্যতে প্রয়োজন হলে তা নথি হিসেবে ব্যবহার করা যায়।
চিঠিতে আরও উল্লেখ করা হয়,কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ বা পদত্যাগ করলে সংশ্লিষ্ট মাসের বিধি অনুযায়ী প্রাপ্যতা নির্ধারণ করে বিল দিতে হবে।এছাড়া সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে বেতন কর্তন বা বন্ধের বিষয় থাকলে তা বিল সাবমিটের সময় উল্লেখ করতে হবে।
মাউশি জানায়,শুধুমাত্র আইবাসে যাচাইকৃত বৈধ জনবল তথ্যই বিল সাবমিট অপশনে যুক্ত রয়েছে।যাদের তথ্য এখনো সংশোধন হয়নি,যাচাই শেষে পরবর্তীতে যুক্ত করা হবে।
এতে সতর্ক করে বলা হয়েছে,ভুল বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্য দেওয়ার কারণে কোনো শিক্ষক-কর্মচারীর এমপিওর টাকা ইএফটির মাধ্যমে না পৌঁছালে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে।
![]()


















































সর্বশেষ সংবাদ :———