নিজস্ব প্রতিবেদক।।নরসিংদী-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।বিএনপি থেকে চারবার নির্বাচিত এই সংসদ সদস্য এবার প্রথমবারের মতো মন্ত্রিপরিষদে স্থান পেয়েছেন।নবগঠিত মন্ত্রিসভায় তাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মঙ্গলবার তাঁর নিজ নির্বাচনী এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।স্থানীয় নেতা–কর্মী ও সমর্থকেরা বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন।
সরদার সাখাওয়াত হোসেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি এবং মনোহরদী উপজেলা বিএনপির সভাপতি। তিনি মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর গ্রামের বাসিন্দা এবং সরদার আসমত আলীর ছেলে।
দলীয় সূত্রে জানা যায়,ছাত্ররাজনীতি থেকেই তার রাজনৈতিক যাত্রা শুরু।তিনি নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ছিলেন।১৯৯১ সালে বিএনপির মনোনয়নে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।তবে একই বছরের ১২ জুন অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক সেনাপ্রধান নুর উদ্দিন খানের কাছে পরাজিত হন।পরে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নুর উদ্দিন খানকে হারিয়ে আবার সংসদ সদস্য নির্বাচিত হন।
সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট পেয়ে জয়ী হন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ৭৬ হাজার ৪৪৫ ভোট।
মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার বলেন,সরদার সাখাওয়াত হোসেনের মন্ত্রিত্ব পাওয়ার খবরে মনোহরদী ও বেলাব উপজেলায় খুশির জোয়ার বইছে। স্থানীয়দের আশা,তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় এলাকার উন্নয়নে নতুন গতি আসবে।
![]()
























সর্বশেষ সংবাদ :———