নিজস্ব প্রতিবেদক।।চুক্তিভিত্তিক নিয়োগে থাকা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।তবে রোববার বিকেল পর্যন্ত তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে— এমন কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
জানা গেছে,রোববার সকালে পুলিশ সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (২১ ফেব্রুয়ারি) উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন আইজিপি।ওই সভাতেই তিনি উপস্থিত কর্মকর্তাদের কাছে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা জানান।এ সময় কর্মকর্তারা তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন।
পরে দুপুরের দিকে তিনি আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন,পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি শোনা গেলেও এখন পর্যন্ত সেটি গ্রহণের কোনো সিদ্ধান্ত হয়নি।
এর আগে গত জানুয়ারিতে আইজিপি বাহারুল আলম তার সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন,যা নিয়ে প্রশাসনিক মহলে নানা আলোচনা তৈরি হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়।এর ধারাবাহিকতায় একই বছরের ২১ নভেম্বর অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বাহারুল আলমকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়।তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের ২০ নভেম্বর।
পুলিশের একাধিক কর্মকর্তা জানান,জাতীয় নির্বাচন শেষে দায়িত্ব ছাড়ার ইচ্ছার কথা তিনি ঘনিষ্ঠজনদের আগে থেকেই জানিয়ে আসছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে,পদত্যাগপত্র গ্রহণ করা সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের বিষয়।নতুন সরকার আগামী মঙ্গলবার শপথ নেওয়ার কথা থাকায় বিষয়টি সময়ের ওপর নির্ভর করছে।পদত্যাগপত্র এখনই গ্রহণ না করে নতুন সরকারের কাছে পুনরায় জমা দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন,পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ না হওয়া পর্যন্ত বাহারুল আলমই দেশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করবেন।
![]()











































সর্বশেষ সংবাদ :———