নিজস্ব প্রতিবেদক।।দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক,সহজতর ও ফলপ্রসূ করতে সংশ্লিষ্ট সকলকে সৃজনশীল প্রস্তাব ও কার্যকর উদ্যোগ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (১ মার্চ) বিকেলে মাদরাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা বা ‘রেড টেপ’ দূর করে কোর্স ও কারিকুলামকে সময়োপযোগী ও উৎপাদনশীল করতে হবে।
মন্ত্রী জানান,২০২৭ সালের লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।আগামী সপ্তাহ থেকেই এ প্রক্রিয়া শুরু করার ওপর গুরুত্বারোপ করে তিনি নির্ধারিত সময়ের মধ্যে নতুন সিলেবাস প্রস্তুতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
ড. মিলন বলেন, শিক্ষা মন্ত্রণালয় কোনো প্রচলিত প্রশাসনিক মন্ত্রণালয় নয়; এটি জাতি গঠনের প্রধান ভিত্তি।এই মন্ত্রণালয় দেশের ভবিষ্যৎ নির্মাণ করে এবং নতুন প্রজন্মকে গড়ে তোলে। তিনি সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে আগামীর বাংলাদেশ নির্মাণে অংশ নেওয়ার আহ্বান জানান।
মাদরাসা ও সাধারণ শিক্ষার মানোন্নয়নে উন্নত দেশের শিক্ষামডেল,গবেষণা প্রবন্ধ এবং পিএইচডি গবেষণার ফলাফল পর্যালোচনা করে কার্যকর ধারণা গ্রহণের পরামর্শ দেন শিক্ষামন্ত্রী।পাশাপাশি আন্তর্জাতিক অভিজ্ঞতা ও গবেষণালব্ধ জ্ঞান ধাপে ধাপে জাতীয় শিক্ষানীতিতে যুক্ত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষা খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবভিত্তিক সমাধান প্রস্তাব তৈরির ওপর গুরুত্ব দেন।তিনি বলেন,মাদরাসা বোর্ড ও সংশ্লিষ্ট অধিদপ্তরসমূহ শিক্ষাসংক্রান্ত সমস্যা ও প্রশাসনিক জটিলতার একটি সুসংগঠিত তালিকা মন্ত্রণালয়ে উপস্থাপন করলে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, অধিদপ্তরের মহাপরিচালকসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
![]()
























































সর্বশেষ সংবাদ :———