অনলাইন ডেস্ক রিপোর্ট।।ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে আরও চাপে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।এই ইস্যুতে এবার পাকিস্তানের পাশে দাঁড়াল না এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।বরং সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে পিসিবিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে তারা।
আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নেয় পিসিবি।বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠকের পর পাকিস্তান সরকার দলকে ম্যাচে অংশ না নেওয়ার নির্দেশ দেয়।তবে লাহোরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে,পিসিবিকে পাঠানো এক ইমেইলে এমিরেটস ক্রিকেট বোর্ড গভীর উদ্বেগ প্রকাশ করেছে। চিঠিতে বলা হয়,ভারত-পাকিস্তানের মতো হাইভোল্টেজ ম্যাচ না হলে বিশ্বব্যাপী বড় ধরনের আর্থিক প্রভাব পড়বে।বিশেষ করে সহযোগী ও স্বল্প আয়ের ক্রিকেট দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়,পাকিস্তানের সঙ্গে এমিরেটস ক্রিকেট বোর্ডের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে এবং অতীতেও ভেন্যু ও আয়োজনের মাধ্যমে পাকিস্তানকে সহযোগিতা করেছে তারা। তবে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত ক্রিকেটের সামগ্রিক স্বার্থের পরিপন্থী হবে বলে মত দিয়েছে ইসিবি।
পিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনায় রাজি করাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন এমিরেটস ক্রিকেট বোর্ডের জেনারেল সেক্রেটারি মুবাশ্বির উসমানি।
এর আগে লাহোরে পিসিবি ও আইসিসির মধ্যে প্রায় চার ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়।সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানান,তিনটি দাবি পূরণ হলে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার বিষয়টি বিবেচনা করা হতে পারে।এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে আলোচনা করবেন তিনি।
উল্লেখ্য,এর আগেও পাকিস্তানের ম্যাচগুলোর আয়োজক দেশ শ্রীলঙ্কা ভারত ম্যাচ বয়কট না করার অনুরোধ জানায়।ম্যাচটি অনুষ্ঠিত না হলে তারাও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে বলে সতর্ক করেছিল।
![]()


















































সর্বশেষ সংবাদ :———