নিজস্ব প্রতিবেদক।।২০০৯ সালের বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্তে নতুন তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।তিনি জানিয়েছেন,বিষয়টি সরকারের নির্বাচনি ইশতেহারেও অন্তর্ভুক্ত রয়েছে এবং কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।মন্ত্রী জানান,সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এবং বিডিআর বিদ্রোহের ঘটনাকে পুঙ্খানুপুঙ্খভাবে পুনঃতদন্ত করা হবে।
মামলার হয়রানি রোধে যাচাই নির্দেশ
৫ আগস্টের পর দায়ের হওয়া বিভিন্ন মামলার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,কিছু ক্ষেত্রে নিরপরাধ ব্যক্তি,ব্যবসায়ী, সমাজের বিশিষ্টজন ও সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।এ বিষয়ে পুলিশকে মামলা যাচাই-বাছাই করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে,যাতে কেউ অযথা ভোগান্তিতে না পড়েন।
অস্ত্রের লাইসেন্স যাচাই ও লুট হওয়া অস্ত্র উদ্ধার
মন্ত্রী জানান,রাজনৈতিক বিবেচনায় দেওয়া অস্ত্রের লাইসেন্সগুলো পুনরায় যাচাই করা হবে এবং অযোগ্যদের লাইসেন্স বাতিল করা হবে।জুলাইয়ের আন্দোলনের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া ১০ হাজারের বেশি অস্ত্র এখনো উদ্ধার হয়নি উল্লেখ করে তিনি বলেন,এসব অস্ত্র অবৈধ হিসেবে গণ্য হবে এবং যথাযথ প্রক্রিয়ায় উদ্ধার করা হবে।
‘মব কালচার’ বরদাস্ত নয়
দেশে ‘মব কালচার’ বরদাস্ত করা হবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,দাবি আদায়ে মহাসড়ক অবরোধ বা সহিংসতার পরিবর্তে বৈধ ও শান্তিপূর্ণ পন্থা অনুসরণ করতে হবে।তিনি আরও বলেন, রাজনৈতিক হস্তক্ষেপে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সংস্কারের মাধ্যমে বাহিনীর মনোবল পুনর্গঠন করা হবে।
পুলিশে নিয়োগ ও সংস্কার
জরুরি ভিত্তিতে ২ হাজার ৭০০ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি।পাশাপাশি পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে এবং পুলিশের কাজে অবৈধ হস্তক্ষেপ সহ্য করা হবে না।
পাসপোর্ট সেবায় নতুন উদ্যোগ
পাসপোর্ট অফিসে দালালচক্রের দৌরাত্ম্য রোধে সংশ্লিষ্টদের তালিকাভুক্ত করে জবাবদিহিতার আওতায় আনার পরিকল্পনার কথা জানান মন্ত্রী।ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
অন্যান্য সিদ্ধান্ত
২০০৬ সালে নিয়োগবঞ্চিত এসআইদের বিষয়ে তদন্ত করে আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।এছাড়া জেলা পর্যায়ে পুলিশ সুপারদের (এসপি) প্রটোকল বিধিমালা অনুযায়ী নিশ্চিত করা এবং ওসি ও এসপি পদায়নে লটারি পদ্ধতি বাতিল করে যোগ্যতার ভিত্তিতে পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
![]()


















































সর্বশেষ সংবাদ :———