নিজস্ব প্রতিবেদক।।দেশের বিচার বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সকল বিচারপতিদের অংশগ্রহণে একটি ফুলকোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এই বিশেষ সভা অনুষ্ঠিত হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মেসবাহ উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
সুপ্রিম কোর্ট সূত্র জানিয়েছে,এবারের ফুলকোর্ট সভায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয় এজেন্ডা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।এর মধ্যে উল্লেখযোগ্য হলো ২০২৬ সালের জন্য দেশের অধস্তন বা নিম্ন আদালতগুলোর ছুটির ক্যালেন্ডার অনুমোদন।
এছাড়া আদালতের প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বজায় রাখা,বিচারিক প্রক্রিয়ার মানোন্নয়ন এবং বিচার বিভাগের অভ্যন্তরীণ বিভিন্ন নীতি-নির্ধারণী বিষয়েও সভায় আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের কথা রয়েছে।
ফুলকোর্ট সভা সুপ্রিম কোর্টের বিচারপতিদের মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ ফোরাম,যেখানে বিচার বিভাগের অভ্যন্তরীণ শৃঙ্খলা,প্রশাসনিক জটিলতা নিরসন এবং নতুন নিয়ম-কানুন প্রণয়নের বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আপিল ও হাইকোর্ট বিভাগের সকল বিচারপতিকে সভায় বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ রেজোলিউশন আকারে প্রকাশ করা হবে,যা পরবর্তীতে দেশের সকল আদালতের প্রশাসনিক কাঠামোতে কার্যকর হবে।
![]()




















































সর্বশেষ সংবাদ :———