নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি,জামায়াত,এনসিপি ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দল তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।দলগুলো ভোটারদের কাছে নিজেদের পরিকল্পনা তুলে ধরার চেষ্টা করছে,তবে বাস্তবায়নের স্পষ্ট কর্মপরিকল্পনা উল্লেখ করা হয়নি।
বিএনপি: জনকল্যাণ,দুর্নীতি দমন ও অর্থনৈতিক লক্ষ্য
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন দেশের প্রতিটি পরিবারের নারী সদস্যের নামে ‘ফ্যামিলি কার্ড’, কৃষক কার্ড ও কৃষি বীমা,এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, বিনামূল্যে স্কুল ড্রেস,মিড-ডে মিল এবং তৃতীয় ভাষা শিক্ষা। এছাড়া,ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য,পাঁচ লাখ সরকারি শূন্য পদে কর্মচারী নিয়োগ,আইটি খাতে ১০ লাখ কর্মসংস্থান, তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন,উপ-রাষ্ট্রপতি পদ, বিচার বিভাগের স্বাধীনতা এবং সংসদে উচ্চকক্ষ প্রবর্তনের পরিকল্পনা রয়েছে।
তারেক রহমান বলেছেন,“কোনো পরিকল্পনাই বাস্তবায়ন করা যাবে না যদি না দুর্নীতি দমন, আইনের শাসন ও জবাবদিহি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়।”
জামায়াত: ইনসাফভিত্তিক রাষ্ট্র ও কর্মসংস্থান
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গঠন,যুবকদের জন্য কর্মসংস্থান, নারীদের জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করবে। দলটি সততা,দক্ষতা ও ঐক্যের ওপর জোর দিয়েছে।
বিশ্লেষকরা বলেছেন, নারীর ক্ষমতায়ন নিয়ে দলটির অতীত অবস্থানজনিত প্রশ্ন থাকলেও এবার ইশতেহারে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা করা হয়েছে।
এনসিপি: যুব নেতৃত্ব ও গণতান্ত্রিক স্বচ্ছতা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩৬ দফা ইশতেহারে জুলাই গণ-অভ্যুত্থান ও ২০২৪ সালের হত্যাকাণ্ড ও গুমের বিচারের প্রতিশ্রুতি দিয়েছে।এছাড়া ভোটাধিকারের বয়স ১৬ করা,এক কোটি কর্মসংস্থান সৃষ্টি,ছয় মাসের ইন্টার্নশিপ,সংসদে সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন,মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটি, সরকারি কর্মক্ষেত্রে ডে-কেয়ার সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে।
ইসলামী আন্দোলন: শরিয়া ও মৌলিক অধিকার
ইসলামী আন্দোলন তাদের ইশতেহারে রাষ্ট্র পরিচালনায় সর্বত্র শরিয়ার প্রাধান্য,নারীর,শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা,সুষ্ঠু নির্বাচন ও কার্যকর সংসদ প্রতিষ্ঠা এবং প্রথাগত পিআর পদ্ধতি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে।
বিশ্লেষকরা কী বলছেন
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “দলগুলো ভোটারদের প্রত্যাশা অনুযায়ী প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু বাস্তবায়নের স্পষ্ট কর্মপরিকল্পনা নেই।”
দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর বলেন, “নির্বাচনের আগে ইশতেহারের সংস্কৃতি আছে, তবে পরবর্তীতে তা বাস্তবায়ন না করার চর্চাও দেশের রাজনৈতিক ইতিহাসে দেখা গেছে।”
নির্বাচনী প্রচারণা
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে জাইমা রহমান গণসংযোগ করেছেন।তিনি ভোটারদের হাতে লিফলেট ও পরিবেশবান্ধব বীজ বিতরণ করেছেন।এছাড়া স্থানীয় অর্থনীতি, কৃষি পণ্য রপ্তানি ও ভোকেশনাল ট্রেনিংয়ে জোর দিয়েছেন।
জাইমা রহমান বলেন,“নির্বাচনে ভোট দিয়ে ভোটাররা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারেন।”
![]()


















































সর্বশেষ সংবাদ :———