নিজস্ব প্রতিবেদক।।বিএনপির নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন মন্ত্রিসভায় নবীন ও প্রবীণ রাজনীতিবিদদের সমন্বয় ঘটানো হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে বিজয়ী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর রাওয়া ক্লাবে মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল (অব.) এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন,ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন-সংগ্রাম করেছেন,তারাই নতুন মন্ত্রিসভায় স্থান পাবেন। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই এবং যারা জনগণের আস্থাভাজন— তাদের নিয়েই মন্ত্রিসভা গঠন করা হবে।নবীন ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ে একটি কার্যকর সরকার গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন,১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হিসেবে জনগণ উপহার দিয়েছে।কেউ দেশকে বিপথে নেওয়ার চেষ্টা করলে জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তা করায় সামরিক বাহিনীর প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন,নাহিদ ইসলাম ও শফিকুর রহমানের বাসায় গিয়ে তারেক রহমানের সাক্ষাৎ রাজনীতিতে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করেছে।বিরোধী দলগুলো শক্তিশালী ভূমিকা পালন করবে— এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
মুক্তিযুদ্ধের ইতিহাস প্রসঙ্গে হাফিজ উদ্দিন বলেন, স্বাধীনতার প্রকৃত ইতিহাস বারবার বিকৃত করা হয়েছে।১৯৭১ সালের মার্চে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়নের বিদ্রোহ মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলেও উল্লেখ করেন তিনি।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি।নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।
আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। এর আগে একই দিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে,যা পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
![]()












































সর্বশেষ সংবাদ :———