নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশে চীনের বিনিয়োগের পরিধি আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
দীর্ঘ সময়ব্যাপী বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, নিরাপত্তা ব্যবস্থা এবং ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করা হয়।বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ ও পরীক্ষিত উন্নয়ন অংশীদার।আঞ্চলিক ও কৌশলগত বাস্তবতায় দুই দেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকার এই সম্পর্ককে আরও উচ্চতায় নিতে আগ্রহী।তিনি আশা প্রকাশ করেন,চীনা বিনিয়োগ বৃদ্ধি পেলে দেশের অবকাঠামো ও শিল্প খাতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।
জবাবে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতার প্রশংসা করেন।তিনি জানান, স্থিতিশীল পরিবেশ বিদেশি বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা বহন করছে এবং চীন বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানোর পরিকল্পনা করছে।বর্তমানে বাংলাদেশের বিভিন্ন খাতে প্রায় ১০ হাজার চীনা নাগরিক কর্মরত রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
রাষ্ট্রদূত বিনিয়োগের স্বার্থে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করলে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেন, বিদেশি নাগরিক ও বিনিয়োগ সুরক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
এছাড়া বৈঠকে সাইবার অপরাধ দমনে চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিতব্য ‘ইন্টারন্যাশনাল এলায়েন্স কমব্যাটিং টেলিকম অ্যান্ড সাইবার ফ্রড’ জোটে বাংলাদেশকে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়।
![]()




















































সর্বশেষ সংবাদ :———