নিজস্ব প্রতিবেদক।।বরিশালে আদালত কক্ষে ভাঙচুর, বিচারককে ভয়ভীতি প্রদর্শন এবং বিচার কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ একাধিক আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় সভাপতি অ্যাডভোকেট এস এম সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতয়ালী মডেল থানায় দায়ের করা এফআইআর নং–৪৬ (তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬) অনুযায়ী,দ্রুত বিচার আইন ২০০২ এর ৪/৫ ধারা এবং দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ১৯০, ২২৮ ও ৩৫৩ ধারায় মামলা রুজু করা হয়েছে।মামলাটি জিআর নং–১০৫/২০২৬ হিসেবে আদালতে নথিভুক্ত হয়েছে।
অভিযোগে বলা হয়েছে,গত ২৪ ফেব্রুয়ারি সকালে একটি মামলার জামিনকে কেন্দ্র করে বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে কয়েকজন আইনজীবী আদালত বর্জনের ঘোষণা দেন এবং বিচারকদের উদ্দেশ্যে আপত্তিকর বক্তব্য ও স্লোগান দেন।
পরবর্তীতে দুপুরে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে প্রবেশ করে কয়েকজন আইনজীবী শুনানিতে বাধা দেন বলে অভিযোগ করা হয়।এ সময় আদালত কক্ষে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং শুনানিতে অংশগ্রহণকারী আইনজীবীদের বের হয়ে যেতে চাপ দেওয়া হয়।
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়,এক পর্যায়ে আদালতের আসবাবপত্র ভাঙচুর,মাইক্রোফোন নষ্ট,নথিপত্র ছিঁড়ে ফেলা এবং সরকারি কর্মকর্তাদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। বিচারককে এজলাস ত্যাগ করতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়,২৫ ফেব্রুয়ারি দুপুরে সেনাবাহিনী ও র্যাবের সহায়তায় জেলা আইনজীবী সমিতির ভবন থেকে অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন।
তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম মো. নাসিম হোসেন আদালতে দাখিল করা প্রতিবেদনে বলেন,আসামি জামিনে মুক্তি পেলে তদন্তে বিঘ্ন ঘটাতে পারেন এবং পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে।তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়েছে।
এ ঘটনায় জেলা আইনজীবী সমিতির আরও কয়েকজন নেতা ও আইনজীবীসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।মামলার তদন্ত চলমান রয়েছে।

![]()




















































সর্বশেষ সংবাদ :———