নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর বগুড়া–৬ আসন ছেড়ে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।সোমবার (১৬ ফেব্রুয়ারি) তিনি লিখিতভাবে আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানিয়েছেন।
বিএনপি চেয়ারম্যানের স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তারেক রহমান ঢাকা–১৭ ও বগুড়া–৬—এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই বিজয়ী হন।তবে আইন অনুযায়ী,একজন প্রার্থী একাধিক আসনে নির্বাচিত হলেও শেষ পর্যন্ত একটি আসনই ধরে রাখতে পারেন।সেই বিধান অনুসারেই তিনি বগুড়া–৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা–১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আইনি বিধান
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী,ধারা ১৯(১)(খ) অনুসারে একজন ব্যক্তি একই নির্বাচনে একাধিক আসন থেকে প্রার্থী হতে ও নির্বাচিত হতে পারেন।তবে ধারা ১৯(২) অনুযায়ী, একাধিক আসনে নির্বাচিত হলে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানাতে হয় কোন আসন তিনি রাখতে চান।নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে অবশিষ্ট আসনগুলো শূন্য ঘোষণা করার ক্ষমতা নির্বাচন কমিশনের রয়েছে।
ভোটের ফলাফল
বগুড়া–৬ আসনে ১৫০টি কেন্দ্রের ফলাফলে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।
অন্যদিকে ঢাকা–১৭ আসনে তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট।ফলে ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানে জয়ী হন তিনি।
ঢাকা–১৭ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩৩ হাজার ৮১৩ জন।এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ৪৭ হাজার ৮৮৮টি; বাতিল হয়েছে ২ হাজার ২১১টি এবং বৈধ ভোটের সংখ্যা ছিল ১ লাখ ৪৫ হাজার ৬৭৭।
বগুড়া–৬ আসন শূন্য ঘোষণার পর সেখানে উপনির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
![]()












































সর্বশেষ সংবাদ :———