নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় দুই মাসের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার বিকেলে পুড়িয়ে দেওয়া প্রথম আলোর ভবনে আয়োজিত বিশেষ প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,ঘটনার সময় থেকেই সরকার হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং সুষ্ঠু বিচারের দাবি তুলেছে।বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে তিনি নিশ্চিত করতে চান যে ঘটনাটির নিরপেক্ষ তদন্ত সম্পন্ন হয়।তিনি বলেন,তদন্তের দায়িত্ব সরকারের হলেও বিচারিক কার্যক্রম আদালতের এখতিয়ারভুক্ত।
তিনি জানান,আগামী দুই মাসের মধ্যে তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিলের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।এরপর আদালতের মাধ্যমে বিচার প্রক্রিয়া শুরু হবে।দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন,সংবাদপত্রের ওপর হামলার ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। তার ভাষায়,প্রগতিবিরোধী,সাম্প্রদায়িক ও উগ্রবাদী শক্তি এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায়।তবে আইনের মাধ্যমে বিচার নিশ্চিত করে বিশ্ববাসীর কাছে ভিন্ন বার্তা দেওয়া হবে।
পুড়ে যাওয়া ভবনে আয়োজিত ‘আলো’ শীর্ষক বিশেষ প্রদর্শনী সম্পর্কে তিনি বলেন,এটি ধ্বংসস্তূপ থেকে পুনর্জাগরণের প্রতীক। ইতিহাস সাক্ষ্য দেয়—উগ্রবাদ কখনোই প্রগতির অগ্রযাত্রা থামাতে পারেনি।
এ সময় বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রসঙ্গ টেনে তিনি বলেন,দলটি স্বাধীন গণমাধ্যম ও বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য,শিল্পী মাহ্বুবুর রহমানের নির্মিত ‘আলো’ শীর্ষক প্রদর্শনীটি গত ১৮ ফেব্রুয়ারি শুরু হয়।কারওয়ান বাজারের অগ্নিদগ্ধ ভবনে প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। প্রদর্শনীর সময়সীমা বাড়িয়ে আগামী ২ মার্চ পর্যন্ত করা হয়েছে।
![]()






















































সর্বশেষ সংবাদ :———