নিজস্ব প্রতিবেদক।।সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে (একাংশ) পরিকল্পিতভাবে পরাজিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
নির্বাচনের ফলাফল পরবর্তী দলের আনুষ্ঠানিক অবস্থান তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বলে জানান তিনি।
শামীম হায়দার পাটোয়ারী অভিযোগ করেন,অন্তর্বর্তী সরকারের প্রত্যক্ষ নির্দেশনা এবং প্রশাসনের সহযোগিতায় অত্যন্ত সূক্ষ্মভাবে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে।তার দাবি, জাতীয় পার্টি যেন একটি আসনেও জয়লাভ করতে না পারে এবং দলের ভোটের হার এক শতাংশের নিচে রাখতে একটি বিশেষ ‘নীলনকশা’ বাস্তবায়ন করা হয়েছে।
তিনি বলেন,“জাতীয় পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আসনগুলোতেও আমাদের প্রার্থীদের তৃতীয় স্থানে দেখানো হয়েছে।অনেক প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে,যা অতীত নির্বাচনের ফলাফলের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় এবং অত্যন্ত বিস্ময়কর।”
তবে নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও বিএনপি নেতা ও নবগঠিত সরকারের প্রধান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে জাতীয় পার্টি।জাপা মহাসচিব আশা প্রকাশ করে বলেন,নতুন সরকার প্রতিহিংসার রাজনীতি পরিহার করে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করবে।
সংবাদ সম্মেলনে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পার্টির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাও তুলে ধরা হয়।এ ঘটনাকে ‘মব অ্যাটাক’ বা গণপিটুনি আখ্যা দিয়ে তিনি তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
নির্বাচন-পরবর্তী এই সংবাদ সম্মেলনে দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।জাতীয় পার্টির এ অবস্থান দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
![]()


















































সর্বশেষ সংবাদ :———