লালমাই প্রতিনিধি।।কুমিল্লার লালমাই উপজেলায় নিখোঁজের তিন মাস পার হলেও সাথী আক্তার (১৬) নামে এক মাদ্রাসাছাত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি।মেয়েটির খোঁজ না মেলায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
নিখোঁজ সাথী আক্তার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের লোলাই (মুন্সি বাড়ি) এলাকার প্রবাসী জসিম উদ্দিনের কন্যা।তিনি স্থানীয় বাগমারা আল-ইসরা বালিকা মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়,গত ৬ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ৮টার দিকে সাথী আক্তার পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়।যাওয়ার সময় সে তার মাকে জানায়,পরীক্ষার কারণে রাতে মাদ্রাসার হোস্টেলে অবস্থান করবে এবং পরদিন পরীক্ষা শেষে বাড়ি ফিরবে।
কিন্তু ৭ ডিসেম্বর বিকেল পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে শিক্ষকরা জানান, ৬ ডিসেম্বর বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে বাড়িতে যাওয়ার কথা বলে সাথী মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ ঘটনায় সাথীর মা নুরুন্নাহার বেগম লালমাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, সম্ভাব্য আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও মেয়ের সন্ধান না পাওয়ায় তিনি থানার শরণাপন্ন হন।
তিন মাস অতিবাহিত হলেও সাথী আক্তারের কোনো সন্ধান না মেলায় পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে। এ বিষয়ে লালমাই থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশ কাজ করছে।
পরিবারের পক্ষ থেকে কেউ সাথী আক্তারের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা মোবাইল নম্বর ০১৮৫৬-৬৭১৩১৭-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
![]()






















































সর্বশেষ সংবাদ :———