নিজস্ব প্রতিবেদক।।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের কারচুপি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঢাকাসহ সারা দেশের গণতন্ত্রী মানুষকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডি কলাবাগান মাঠে ঢাকা-১০ আসনের নির্বাচনি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন,“এই নির্বাচন সেই নির্বাচন,যার জন্য বাংলাদেশের মানুষ গত ১৬ বছর ধরে অপেক্ষা করেছে।এটি মানুষের রাজনৈতিক অধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন।”
তিনি বলেন,গত ১৬ বছরে নির্বাচন হয়েছে কেবল নামেই, বাস্তবে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি।এবার সেই সময় এসেছে,যখন জনগণ প্রকৃত অর্থে ভোট দিতে পারবে।
দেশ গঠনের নির্বাচন হওয়ার আহ্বান
বিএনপি চেয়ারম্যান বলেন,এই নির্বাচন শুধু রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার নয়,বরং দেশ গঠন ও মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন হতে হবে।জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য সুস্পষ্ট পরিকল্পনা ও বাস্তবায়নযোগ্য কর্মসূচির প্রয়োজন,যা বিএনপির রয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন,বিএনপি নারীদের শিক্ষা ও ক্ষমতায়নে এবং বেকার তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সুপরিকল্পিত কর্মসূচি গ্রহণ করেছে।
কৃষক,স্বাস্থ্য ও ধর্মীয় ব্যক্তিত্বদের জন্য পরিকল্পনা
বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ উল্লেখ করে তারেক রহমান বলেন,কৃষকদের পাশে দাঁড়াতে কৃষি কার্ড চালুর পরিকল্পনা রয়েছে বিএনপির।একই সঙ্গে দেশের মায়েদের জন্য ফ্যামিলি কার্ড চালুর কথাও জানান তিনি।
তিনি বলেন,বিএনপি সরকার গঠন করলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে,যারা গ্রাম পর্যায়ে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেবে।এতে যেমন কর্মসংস্থান তৈরি হবে,তেমনি স্বাস্থ্যসেবার ঘাটতিও কমবে।
এছাড়া মসজিদের ইমাম,মাদ্রাসার শিক্ষক ও ধর্মীয় ব্যক্তিত্বদের জন্য সম্মানজনক জীবনযাপনের ব্যবস্থা করার পরিকল্পনার কথাও জানান তিনি।
মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ
বিগত ১৬ বছরে নেওয়া মেগা প্রকল্পগুলোর সমালোচনা করে তারেক রহমান বলেন,“মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি হয়েছে,কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি।”
তিনি অভিযোগ করেন,গ্রাম ও শহরের হাসপাতালগুলোতে ওষুধ ও চিকিৎসকের সংকট রয়েছে,শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাটের বেহাল দশা।
ষড়যন্ত্রের অভিযোগ ও সতর্কবার্তা
নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে দাবি করে বিএনপি চেয়ারম্যান বলেন,নকল ব্যালটের সিল তৈরির সময় সংশ্লিষ্টদের ধরা পড়ার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাই সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ঢাকা-১০ আসনে প্রার্থীর প্রতি সমর্থন
ঢাকা-১০ আসনের সঙ্গে ব্যক্তিগত আত্মীয়তার সম্পর্ক রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন,এই আসনে বিএনপির প্রার্থী রবি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে তিনি নিজেও পাশে থাকবেন।
তিনি বলেন, “ইনশাল্লাহ,ধানের শীষ বিজয়ী হলে এবং বিএনপি সরকার গঠন করলে ঢাকা-১০ এলাকার মানুষের প্রতি দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা সবাই একসঙ্গে কাজ করব।”


















































সর্বশেষ সংবাদ :———