নিজস্ব প্রতিবেদক।।সন্তান হারানোর শোক বুকে চেপে দায়িত্বে যেতে বাধ্য হওয়ার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয়বিদারক স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ পুলিশের এক সদস্য।তার ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ও আলোচনার সৃষ্টি হয়েছে।
স্ট্যাটাসে ওই পুলিশ সদস্য লিখেছেন,“আমার বউটা এখনো জানে না যে তার কলিজার টুকরাটা আর পৃথিবীতে নেই। ডাক্তার বলতে বারণ করেছে।বাবুর জন্য কেনা জিনিসগুলো কী করবো?”
তিনি আরও জানান,সন্তানের মৃত্যুর পরদিনই তার নাইট ডিউটি রয়েছে এবং ছুটি না পাওয়ায় চাকরির প্রয়োজনে দায়িত্ব পালন করতেই হচ্ছে।
পোস্টে তিনি লেখেন,“আমি বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য। সন্তান মারা গেলেও ছুটি যাই না।আমি না থাকলে নির্বাচন আটকে যেত?”
তিনি প্রশ্ন তুলেছেন—এই অবস্থায় স্ত্রীকে তিনি কী জবাব দেবেন।
আরেকটি পোস্টে নিজের যোগ্যতার কথা উল্লেখ করে তিনি জানান,তিনি অনার্স ও মাস্টার্সে উচ্চ ফলাফল অর্জন করেছেন এবং প্রশাসনিক কাজে ১০ বছরের অভিজ্ঞতা রয়েছে।পরিবার নিয়ে ন্যূনতম জীবনযাপনের মতো একটি চাকরির সন্ধানও কামনা করেন তিনি।তার ভাষায়, “এখানে নিঃশ্বাস নেওয়াটাই কষ্টকর হয়ে গেছে।”
পুলিশ সদস্যের এই পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে।অনেকেই বিষয়টিকে অমানবিক বলে আখ্যা দিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন।কেউ কেউ প্রশ্ন তুলেছেন—রাষ্ট্রীয় দায়িত্ব পালনের নামে একজন মানুষের ব্যক্তিগত শোক ও মানবিক অধিকারের কি কোনো মূল্য নেই?
এ বিষয়ে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

![]()




















































সর্বশেষ সংবাদ :———