চট্টগ্রাম ব্যুরো।।বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (BIDA) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, সরকারের বর্তমান মেয়াদে চট্টগ্রাম বন্দরের ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ইজারা চুক্তি সম্পন্ন হবে না।
রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে আশিক চৌধুরী বলেন,“উনারা আমাদের কাছ থেকে কিছুটা সময় চেয়েছেন। কিন্তু আমাদের হাতে মাত্র দুইটি কার্যদিবস বাকি আছে,তাই এই সময়ের মধ্যে চুক্তি হচ্ছে না।” তিনি আরও বলেন, “প্রজেক্টটি ২০১৯ সালে শুরু হয়েছিল।গত এক মাসে ফাইনাল বোঝাপড়ার ধাপ শুরু হয়েছিল,যা এখনও চলমান।সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। চুক্তি সম্পন্ন করতে আরও কিছু সময় প্রয়োজন হবে।”
এরই মধ্যে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (NCT) ইজারা না দেওয়ার দাবিতে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’ অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে।কর্মসূচি শুরু হওয়ার পর থেকে চট্টগ্রাম বন্দরের সব অপারেশনাল কার্যক্রম বন্ধ রয়েছে।রোববার সকাল ৮টা থেকে জেটি,ইয়ার্ড,টার্মিনাল, প্রশাসনিক ভবন এবং বহির্নোঙরসহ সব স্থানে পণ্য খালাস ও পরিচালনা কার্যক্রম থেমে গেছে।ফলে দেশের প্রধান সমুদ্রবন্দর কার্যত অচল হয়ে পড়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে বন্দর কর্তৃপক্ষ রোববার সকাল সাড়ে ৯টায় প্রায় ২০০ সাধারণ কর্মচারী ও শ্রমিককে বন্দর ভবনের সম্মেলন কক্ষে জরুরি সভায় উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে। তবে আন্দোলনকারীরা এই আহ্বান প্রত্যাখ্যান করেছেন।
বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক ও বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খোকন বলেন,“সকাল ৮টা থেকে বন্দরে সব ধরনের কাজ বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।”
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো. আমিরুল ইসলাম জানান,“বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।”
![]()




















































সর্বশেষ সংবাদ :———