খুলনা প্রতিনিধি।।খুলনা সদর উপজেলার আলিয়া মাদরাসা ভোটকেন্দ্রের বাইরে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে দুই পক্ষের উত্তেজনা ও হট্টগোলের মধ্যে খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিবুজ্জামান কচি নিহত হয়েছেন।সকাল ৮টা ১০ মিনিটে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
নিহত মহিবুজ্জামান কচি নগরের হাজী মহসিন রোড বাই লেনের বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,সকাল ৮টার দিকে কেন্দ্রের অদূরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।একপর্যায়ে পরিস্থিতি হট্টগোলে রূপ নেয়। এ সময় মহিবুজ্জামান কচি আহত হন।
খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল ও সদর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউসুফ হারুন মজনু অভিযোগ করেন, কেন্দ্রের অধ্যক্ষ জামায়াতের পক্ষে প্রচারণায় লিপ্ত ছিলেন।এ নিয়ে বাধা দিতে গেলে অধ্যক্ষ মহিবুজ্জামান কচিকে ধাক্কা দেন।এতে তিনি গাছের সঙ্গে আঘাত পেয়ে গুরুতর আহত হন।
তবে অভিযোগ অস্বীকার করে আলিয়া মাদরাসার অধ্যক্ষ আব্দুর রহিম মিয়া বলেন, তিনি কাউকে ধাক্কা দেননি। ভোটকেন্দ্রে প্রবেশের সময় কিছু নারী ভোটারকে বাইরে পাঠানোর ঘটনা ঘটেছিল, তবে এতে কোনো ধাক্কাধাক্কি হয়নি বলে দাবি করেন তিনি।
জামায়াতের প্রার্থী মো. জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, ঘটনাটি পূর্বপরিকল্পিত নয়।তার দাবি,মহিবুজ্জামান কচি অসুস্থ ছিলেন এবং উত্তেজনার একপর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
অন্যদিকে খুলনা-২ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু এ ঘটনার জন্য কেন্দ্রের অধ্যক্ষ ও তার সহযোগীদের দায়ী করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান জানান,ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া হচ্ছে এবং তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা হবে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
![]()


















































সর্বশেষ সংবাদ :———