চট্টগ্রাম ব্যুরো।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের তিনটি পৃথক আসন থেকে নির্বাচিত হয়েছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী,হুম্মাম কাদের চৌধুরী ও সাঈদ আল নোমান। তিনজনেরই বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী গহিরা গ্রামে।একই গ্রাম থেকে তিনজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এলাকায় বিরাজ করছে আনন্দ ও গর্বের পরিবেশ।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিজয়ী হন তাঁর ভাতিজা হুম্মাম কাদের চৌধুরী। অন্যদিকে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, খুলশী ও পাহাড়তলী) আসন থেকে নির্বাচিত হয়েছেন সাঈদ আল নোমান।তিনজনই বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন।
পারিবারিক সম্পর্কের দিক থেকে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও হুম্মাম কাদের চৌধুরী চাচা-ভাতিজা। হুম্মাম কাদের চৌধুরী প্রয়াত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে। একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল।
গহিরা গ্রামের বক্স আলী চৌধুরী বাড়ির বাসিন্দা গিয়াস উদ্দিন কাদের ও হুম্মাম কাদের। তাঁদের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে সাঈদ আল নোমানের বাড়ি।তিনি প্রয়াত বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান,দেশের ইতিহাসে বিরল ঘটনা হিসেবে একই গ্রাম থেকে তিনজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।গহিরা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি নুর উদ্দিন চৌধুরী বলেন, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই গ্রামজুড়ে আনন্দের আমেজ বিরাজ করছে। নির্বাচিত প্রতিনিধিরা নিজ নিজ আসনের পাশাপাশি গ্রামের উন্নয়নেও ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা স্থানীয়দের।
গহিরা গ্রাম দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ।চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আবদুল্লাহ আল হারুন,সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানসহ বহু রাজনৈতিক ব্যক্তিত্বের জন্ম এই গ্রামে।পাকিস্তানের অস্থায়ী রাষ্ট্রপতি ও পূর্ব পাকিস্তান পার্লামেন্টের স্পিকার ফজলুল কাদের চৌধুরীর বাড়িও এখানে, যিনি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বাবা।
নির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, একই এলাকা থেকে তিনজন সংসদ সদস্য নির্বাচিত হওয়া গ্রামের জন্য সুখবর।সম্মিলিতভাবে কাজ করলে এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
গহিরা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রায়হান মাহমুদও বিষয়টিকে এলাকার জন্য গর্বের বলে উল্লেখ করে বলেন,তিন সংসদ সদস্যের সম্মিলিত উদ্যোগে শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে স্থানীয়দের প্রত্যাশা।
![]()












































সর্বশেষ সংবাদ :———