খুলনা প্রতিনিধি।।একটি রাজনৈতিক দল কর্মজীবী নারীদের নিয়ে যে মন্তব্য করেছে,তা কলঙ্কজনক বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।তিনি বলেন,“একটি রাজনৈতিক দল এই যে বাংলাদেশের অর্ধেক নারী গোষ্ঠীকে তারা কীভাবে ঘরের মধ্যে আটকে রাখতে চায়,সেই কথা তারা বলেছে।”
সোমবার দুপুরে খুলনা নগরের খালিশপুর এলাকার প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
দীর্ঘ ২২ বছর পর খুলনায় এসে নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি জনসভাস্থলে পৌঁছালে নেতা-কর্মী ও সমর্থকেরা করতালির মাধ্যমে তাঁকে স্বাগত জানান।মঞ্চে উঠেই তিনি হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছার জবাব দেন।প্রায় ২৭ মিনিট ধরে বক্তব্য দেন বিএনপির এই শীর্ষ নেতা।
জনসভায় কারও নাম উল্লেখ না করে তারেক রহমান বলেন, “আমরা দেখেছি,একটি রাজনৈতিক দলের নেতা দুই দিন আগে পরিষ্কারভাবে বলেছেন—যেসব নারী,যেসব মা–বোন কর্মসংস্থানের জন্য বাইরে যান,তাদের সম্পর্কে এমন একটি শব্দ ব্যবহার করেছেন,যা আপনাদের সামনে বলতে রীতিমতো লজ্জা হয়।এই ধরনের মন্তব্য এ দেশের জন্য কলঙ্কস্বরূপ।”
তিনি বলেন,বাংলাদেশের নারীরা শিক্ষা,কর্মসংস্থান ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।তাদের সম্মান ও অধিকার খর্ব করার যেকোনো প্রচেষ্টা দেশ ও সমাজের অগ্রগতির পরিপন্থী।
জনসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।সমাবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় অবস্থান ও রাজনৈতিক দিকনির্দেশনা তুলে ধরা হয়।







































