নিজস্ব প্রতিবেদক।।বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের ব্যবহৃত মোবাইল ফোন নম্বর হ্যাকড হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক সতর্কবার্তায় বিষয়টি নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে উপদেষ্টা জানান,তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটি বর্তমানে হ্যাকারদের নিয়ন্ত্রণে রয়েছে।ওই নম্বর থেকে কেউ অর্থ সহায়তার অনুরোধ করলে সেটিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করার জন্য তিনি সবাইকে অনুরোধ জানান। একই সঙ্গে এ ধরনের অনুরোধকে প্রতারণামূলক কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন,বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে এবং বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।
জানা গেছে,মুহাম্মদ ফাওজুল কবির খান ২০২৪ সালের ১৬ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন।বর্তমানে তিনি বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
এ ঘটনায় সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানানো হয়েছে।







































