নিজস্ব প্রতিবেদক।।ভবিষ্যতে দেশের ব্যাংকিং খাতের জন্য আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।তিনি বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাংকগুলোকে এখন থেকেই স্বচ্ছতা,জবাবদিহি এবং পেশাগত উৎকর্ষ নিশ্চিত করতে হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত সোনালী ব্যাংকের ‘বার্ষিক সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন,অন্তর্বর্তীকালীন সরকার দেশের অর্থনৈতিক পরিস্থিতি যতটা সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করেছে।তবে দীর্ঘমেয়াদী সংস্কার কার্যক্রম বাস্তবায়ন এবং ভবিষ্যতের সম্ভাব্য সংকট উত্তরণের দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের ওপরই বর্তাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন,খেলাপি ঋণ কমাতে ব্যাংকগুলোকে ঋণ প্রদানের ক্ষেত্রে আরও সতর্ক ও সাহসী হতে হবে।তিনি বলেন,ঋণগ্রহীতার প্রকৃত পরিশোধ সক্ষমতা যাচাই করেই ঋণ দিতে হবে এবং খেলাপি ঋণ আদায়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো যাবে না।
এ সময় রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং রপ্তানি বাণিজ্যে ব্যাংকগুলোর কার্যকর ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন গভর্নর।
সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ সম্মেলনে ব্যাংকটির সাম্প্রতিক আর্থিক চিত্র তুলে ধরা হয়।বর্তমানে সোনালী ব্যাংকের শাখা সংখ্যা ১ হাজার ২৩৪টি।ব্যাংকটির মোট আমানতের পরিমাণ ১ লাখ ৭৯ হাজার ৮৭৮ কোটি টাকা এবং ঋণের পরিমাণ ১ লাখ ৪ হাজার ৭২৩ কোটি টাকা।
বর্তমানে সোনালী ব্যাংকের খেলাপি ঋণের হার ১৫ দশমিক ৩৪ শতাংশ।তবে চলতি বছরে ১০ হাজার কোটি টাকার বেশি মুনাফা অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংক।








































