নিজস্ব প্রতিবেদক।।আদালতের আদেশ বাস্তবায়ন না করার ঘটনায় আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। তলবাদেশে হাজির হয়ে সোমবার (৪ ডিসেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চে তারা ক্ষমা প্রার্থনা করেন।পরে আপিল বিভাগ তাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে পূর্ণাঙ্গভাবে আদেশ বাস্তবায়নের জন্য ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছেন।ওদিন পরবর্তী শুনানি হবে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. ইব্রাহিম খলিল। অন্যদিকে বিবাদীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম। জানা গেছে,২০২২ সালের ৭ এপ্রিল আপিল বিভাগ রিভিউ আবেদনের রায়ে ৬ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে সিনিয়র জেল সুপার পদে পদোন্নতি দেওয়ার নির্দেশ দেন। তারা হলেন,মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া,ইকবাল কবির চৌধুরী, মো. আনোয়ারুজ্জামান,মনির আহমেদ,মো. বজলুর রশিদ আকন্দ ও মো. নুরুননবী ভূঁইয়া। তবে বিগত দেড় বছরেও আপিল বিভাগের রায় বাস্তবায়ন না করায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী ও আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হকের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়।এই আবেদনের শুনানি নিয়ে গত ৬ নভেম্বর পদোন্নতির রায় বাস্তবায়নের জন্য বিবাদীদের দুই সপ্তাহ সময় দিয়েছিলেন আপিল বিভাগ।সেই দুই সপ্তাহ সময় পার হয়ে যাওয়ায় গত ২০ নভেম্বর এই বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। শুনানিতে বিবাদীদের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, আবেদনকারীদের পদোন্নতি দেওয়ার সুযোগ নেই। আদালতের আদেশ অমান্য করায় আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল এ এম এম আনিসুল হক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরীকে তলব করেন আপিল বিভাগ। Post navigation কিশোরীকে ধর্ষণের পর হত্যা ও লাশ ২৬ টুকরা করার ঘটনায় হাতেনাতে ধরা পড়া আসামি কীভাবে লাপাত্তা হন! গুলিস্তানে আওয়ামী লীগের অফিসের সামনে একটি বাসে আগুন দিয়েছে-দুর্বৃত্তরা