জনগণের মুখপাত্র

সত্য ও বস্তুনিষ্ট সর্বশেষ সংবাদ

সীমান্তে বন্ধ থাকা পাঁচটি কাজ চালুর অনুমোদন দিয়েছে-বিএসএফ

নিজস্ব প্রতিবেদক।।সম্প্রতি ভারতে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলনের সীমান্তে বন্ধ থাকা পাঁচটি কাজ চালুর অনুমোদন দিয়েছে বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স)। বৃহস্পতিবার (১৫ জুন) পিলখানা সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

এর আগে গত ১১ জুন থেকে ১৪ জন পর্যন্ত ভারতের নয়াদিল্লিতে ৫৩তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সেই সম্মেলনে এই পাঁচ কাজের বিষয়ে উভয় পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়।

প্রকল্পগুলো হলো—রামগড় স্কুল বিল্ডিংয়ের অসম্পন্ন কাজ; তিন বিঘা করিডোর এলাকায় ঝালংগী পকেট এবং ভিতরবাড়ি পকেট এলাকায় বিদ্যুৎ সংযোগ স্থাপন; শেরপুর জেলার ভোগাই নদীর তীর সংরক্ষণ; জকিগঞ্জে কুশিয়ারা নদী ও রহিমপুর খালের সংযোগস্থল পুনঃখনন এবং নেত্রকোনা জেলার ভবানীপুর সীমান্তে ১ দশমিক ৪৪ কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণ।

এই পাঁচটি কাজের অনুমোদন পাওয়া গেছে জানিয়ে মহাপরিচালক বলেন, পূর্বানুমতি ছাড়া সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনও ধরনের উন্নয়নমূলক কাজ শুরু না করার ব্যাপারে সিদ্ধান্ত হয় উভয় বাহিনীর মধ্যে। এ ছাড়া সীমান্তের ১৫০ গজের মধ্যে বন্ধ থাকা বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজ জয়েন্ট ভেরিফিকেশনের মাধ্যমে দ্রুত সমাধানের ব্যাপারে সম্মতি পাওয়া গেছে।

তিনি আরও বলেন,এবারের সম্মেলনে সব থেকে উল্লেখযোগ্য সাফল্য হচ্ছে পারস্পরিক সম্মতির ভিত্তিতে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় বন্ধ থাকা উল্লেখযোগ্য পাঁচটি কাজ চালু করার ব্যাপারে অনুমোদন পাওয়া। এসব উন্নয়নমূলক কাজ সীমান্তবর্তী জনসাধারণের আর্থসামাজিক উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবে বলেও জানান মহাপরিচালক।

মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেন, আন্তসীমান্ত অপরাধ,যেমন- মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার,স্বর্ণ,অস্ত্র,জালনোট প্রভৃতি চোরাচালান রোধে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা (কো-অর্ডিনেট বর্ডার ম্যানেজমেন্ট প্ল্যান—সিবিএমপি) কার্যকরভাবে বাস্তবায়নে ওপর উভয় পক্ষ থেকে গুরুত্বারোপ করা হয়।উল্লেখযোগ্য বেশ কয়েকটি অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে উভয় পক্ষ কর্তৃক তথ্য আদান-প্রদান করা হয়।এ বিষয়ে ভবিষ্যতে অপরাধীদের সম্পর্কে প্রাপ্ত তথ্য তাৎক্ষণিকভাবে মাঠপর্যায়ে শেয়ার করতেও উভয় পক্ষ রাজি হয়।

আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে উভয় দেশের নাগরিকদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধকল্পে সীমান্তবর্তী এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার ব্যাপারে উভয় পক্ষ থেকে গুরুত্বারোপ করা হয় বলে জানান বিজিবি মহাপরিচালক।