নিজস্ব প্রতিবেদক।।দেশের ১৬ জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার (১৬ মে) রাত ১টা পর্যন্ত দেয়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়,রাজশাহী,বগুড়া,পাবনা,টাঙ্গাইল,ময়মনসিংহ, যশোর,কুষ্টিয়া,ঢাকা,ফরিদপুর,মাদারীপুর,খুলনা,বরিশাল, পটুয়াখালী,নোয়াখালী,কুমিল্লা এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দেশের অন্যান্য জায়গায় পশ্চিম অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে,সারা দেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী,বুধবার (১৭ মে) সকাল ৯টা পর্যন্ত ঢাকা,ময়মনসিংহ,খুলনা, বরিশাল,চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সিনপটিক অবস্থা:-পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে।









































