নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস জামায়াত ইসলামীর কাছ থেকে জানতে চায় না দেশের মানুষ—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।তিনি বলেন,মুক্তিযুদ্ধ নিয়ে জামায়াত নতুন করে বিভক্তি তৈরির চেষ্টা করছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঢাকায় ‘বাংলাদেশে বিশ্বাসযোগ্য নির্বাচনের মূল ভিত্তি’ শীর্ষক উচ্চপর্যায়ের এক গোলটেবিল আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি জামায়াতের আমির ডা. শফিকুর রহমান স্বাধীনতার ঘোষণা নিয়ে যে বক্তব্য দিয়েছেন,তার কঠোর সমালোচনা করে আমীর খসরু বলেন,“জামায়াতের আমির মুক্তিযুদ্ধ সম্পর্কে এত জ্ঞান রাখেন,সেটা আগে জানতাম না। এখন উনি বলছেন—কে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন,কীভাবে দিয়েছেন।উনার জ্ঞানের পরিধি দেখে আমি খুশি হয়েছি। আশা করি উনি আরও কিছু বলবেন—মুক্তিযুদ্ধে আর কী কী হয়েছিল,সেগুলোও তো বলতে পারেন,তাই না!”
তিনি আরও বলেন,“বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস কি মানুষ জামায়াতের আমিরের কাছ থেকে জানতে চায়? এসব বক্তব্য দিয়ে তারা নতুন করে বিভ্রান্তি তৈরি করতে চাইছে।”
এর আগে সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর বন্দর কলেজ মাঠে এক নির্বাচনি জনসভায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান স্বাধীনতার ঘোষণায় এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমের ভূমিকা তুলে ধরেন।ওই বক্তব্যে তিনি দাবি করেন,১৯৭১ সালে চট্টগ্রাম থেকেই প্রথম স্বাধীনতার ঘোষণা আসে এবং কর্নেল অলি আহমদ ছিলেন সেই ঘোষণার সঙ্গে সংশ্লিষ্ট।
এ প্রসঙ্গে আমীর খসরু বলেন,“এই বক্তব্যের কোনো সত্যতা নেই। এটা একেবারেই বানোয়াট একটি বিষয়।এমন বিষয় মানুষ বিশ্বাস করবে না।”
তিনি আরও বলেন,“জিয়াউর রহমানকে বিতর্কিত করে তারা কী অর্জন করতে চায়,সেটার উত্তর তাদেরই দিতে হবে। জিয়াউর রহমানকে মার্কেটিং করার আমাদের কোনো প্রয়োজন নেই।”
একই দিনে গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন জামায়াত আমিরের বক্তব্যকে ‘ফ্যাসিবাদের বয়ান’ বলে আখ্যায়িত করেন।
তিনি বলেন,“যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল,তারাই আজ স্বাধীনতার ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে, যা জাতির কাছে ঘৃণিত।”
মাহদী আমিন আরও অভিযোগ করেন,নির্বাচনী পর্যবেক্ষক দল ও বিএনসিসিতে একটি বিশেষ দলের লোকজনের আধিক্য রয়েছে।এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গত এক সপ্তাহে তারেক রহমানকে নিয়ে একটি দল ২৯টি ভুয়া তথ্য প্রচার করেছে।
এদিকে গোলটেবিল আলোচনা শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন,“বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে জামায়াতের কোনো সুস্পষ্ট চিন্তা বা দৃষ্টিভঙ্গি দেখা যায় না।”














Recent Comments