নিজস্ব প্রতিবেদক।।প্রায় এক বছর ধরে বিচারিক কার্যক্রমের বাইরে থাকা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির কাছে পাঠানো তাঁর পদত্যাগপত্রটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও আইন মন্ত্রণালয়ের ই-মেইলে পৌঁছেছে।জানা গেছে,কানাডা থেকে তিনি এই পদত্যাগপত্র পাঠিয়েছেন।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান,চারপতি মামনুন রহমানের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,বিচারপতি মামনুন রহমান বিনা ছুটিতে এক বছরেরও বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।এ বিষয়ে ব্যবস্থা নিতে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল রাষ্ট্রপতির কাছে একটি প্রতিবেদন পাঠায়।
এর আগে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতিকে অপসারণ করেন।
উল্লেখ্য,২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়েছিল।তাদের মধ্যে ৯ জন বর্তমানে দায়িত্বে নেই—কারও ক্ষেত্রে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের তদন্ত শেষে বাধ্যতামূলক অবসর,কেউ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, আবার কেউ অবসরে গেছেন।বাকি তিনজন বিচারপতি পদে বহাল থাকলেও বর্তমানে বিচারিক কার্যক্রমে যুক্ত নন।
এ ছাড়া সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলে অভিযোগ দাখিল হওয়ায় চলতি মাসে বিচারপতি এম আর হাসানকে ছুটিতে পাঠানো হয়েছে।ছুটিতে পাঠানো মোট ১৩ জন বিচারপতির বাইরে হাইকোর্ট বিভাগের আরও দুইজন বিচারপতি স্বেচ্ছায় কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।তাদের একজন ছিলেন বিচারপতি মামনুন রহমান।







































