নিজস্ব প্রতিবেদক।।হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মামনুন রহমানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাধারণ আইনজীবীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী আইনজীবীরা কালো কোর্ট ও গাউন পরিহিত অবস্থায় ব্যানার হাতে অবস্থান নেন।ব্যানারে লেখা ছিল— “মাননীয় বিচারপতি জনাব মামনুন রহমান, শ্রদ্ধেয় স্যার,আপনি পদত্যাগপত্র প্রত্যাহার করুন।”
এ সময় তারা অবিলম্বে পদত্যাগপত্র প্রত্যাহার করে তাকে স্বপদে ফিরিয়ে আনার দাবি জানান।
জানা গেছে,গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) কানাডা থেকে ই-মেইলের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে নিজের পদত্যাগপত্র পাঠান বিচারপতি মামনুন রহমান।পদত্যাগপত্রে তিনি ‘ব্যক্তিগত কারণ’-এর কথা উল্লেখ করেন।তিনি হাইকোর্ট বিভাগের দ্বিতীয় জ্যেষ্ঠ বিচারপতি ছিলেন।
সুপ্রিম কোর্ট ও সংশ্লিষ্ট সূত্র জানায়,২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিচার বিভাগ সংস্কারের অংশ হিসেবে ১২ জন বিচারপতিকে বিচারকাজ থেকে বিরত রাখা হয়।বিচারপতি মামনুন রহমান ছিলেন সেই তালিকার একজন।দীর্ঘদিন ধরে তিনি ছুটিতে ছিলেন এবং বর্তমানে বিদেশে অবস্থান করছেন।
সম্প্রতি তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্ত শেষে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রাষ্ট্রপতির কাছে একটি প্রতিবেদন জমা দেয়।ওই প্রতিবেদন জমা দেওয়ার পরই তার পদত্যাগের বিষয়টি প্রকাশ্যে আসে।
তবে মানববন্ধনে অংশ নেওয়া আইনজীবীরা বলেন, বিচারপতি মামনুন রহমান একজন অভিজ্ঞ ও সম্মানিত বিচারক।তারা তাকে সসম্মানে বিচারকাজে ফিরিয়ে আনার আহ্বান জানান।














Recent Comments