নিজস্ব প্রতিবেদক।।পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের সংঘর্ষে আহতদের মধ্যে কেউ গুলিবিদ্ধ হননি বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) কর্তৃপক্ষ।এমনকি আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি নেওয়ার মতো গুরুতর কেউ নেই বলেও জানিয়েছে হাসপাতাল প্রশাসন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানান ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন—এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বক্তব্য এলো।
এর আগে অন্তর্বর্তী সরকার ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) দাবি করে যে,শুক্রবার বিকেলের বিক্ষোভ দমাতে আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন,আবদুল্লাহ আল জাবেরের বাঁ পায়ের হাঁটুর ওপর আঘাতের চিহ্ন রয়েছে।এ ধরনের আঘাত নিয়ে তিন-চারজন চিকিৎসা নিচ্ছেন।সব মিলিয়ে ২২ থেকে ২৩ জন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন।
চিকিৎসা নিতে আসাদের মধ্যে জাবের ছাড়াও ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা এবং রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার রয়েছেন।
এ ছাড়া মনির,ফয়সাল,জয়,জুলকার,মোশাররফ,নিলয়, অনিক,উমর,রাহাত,রাসেল,আহাদ,মাহিন,আজাদ,শামিম, সোহেল,শাওন,জাবেদ ও শামিমসহ আরও কয়েকজন জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
হাসপাতাল পরিচালক বলেন,“চিকিৎসা নিতে আসা ব্যক্তিদের মধ্যে গুলিবিদ্ধ কেউ নেই।কেউ কাঁদুনে গ্যাসে আক্রান্ত হয়েছেন,কেউ লাঠির আঘাতে পেশিতে চোট পেয়েছেন, আবার দুয়েকজনের শরীরের কোথাও কেটে গেছে।”
তিনি আরও জানান,আহতদের কারো আঘাতই হাসপাতালে ভর্তি নেওয়ার মতো গুরুতর নয়।প্রাথমিক চিকিৎসা শেষে অনেকেই হাসপাতাল ছেড়ে গেছেন।
![]()











সর্বশেষ সংবাদ :———