সাভার প্রতিনিধি।।এবারের নির্বাচন পরিবর্তন ও সংস্কারের নির্বাচন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম। তিনি বলেন,দাঁড়িপাল্লা ও শাপলা কলি এই পরিবর্তনের প্রতীক।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সাভারে ১১ দলীয় জোটের এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “৫ আগস্টের পর জনগণ নতুন কোনো জালেমকে ক্ষমতায় দেখতে চায় না।১২ ফেব্রুয়ারি হবে সব জালেমদের পরাজয়ের দিন।” তিনি দাবি করেন,বর্তমানে দেশে ইসলামী শক্তি,তারুণ্যের শক্তি ও দেশপ্রেমিক শক্তির ঐক্য গড়ে উঠেছে এবং এই ঐক্যই সরকার গঠন করবে।
তিনি আরও বলেন,জুলাই আন্দোলনের অন্যতম হটস্পট সাভার এবার ১১ দলীয় জোটের আসন হবে।সারা দেশে এই জোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং তারাই আগামী সরকার গঠন করবে।
দেশের বর্তমান সময়কে গুরুত্বপূর্ণ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, “হাজারো মানুষের জীবনের বিনিময়ে এই নির্বাচন সম্ভব হচ্ছে।এগারো দল সরকার গঠন করলে দেশ আধিপত্যবাদমুক্ত হবে এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে উঠবে। বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে,দিল্লি থেকে নয়।”
ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই হত্যার বিচারে কোনো ছাড় দেওয়া হবে না।অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন,“হাদি হত্যার বিচার না করতে পারা আপনাদের অন্যতম ব্যর্থতা।এখনও সময় আছে, অবিলম্বে বিচারের উদ্যোগ নিন।” হাদির পরিবারের সঙ্গে কোনো অসৌজন্যমূলক আচরণ সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
প্রতিপক্ষকে সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, একটি দল বিভিন্ন দলকে নিজের ভেতরে নিয়ে হুমকি দিচ্ছে। “আমরা কোনো হুমকিকে ভয় পাই না,” বলেন তিনি। বিদেশে বসে দেওয়া ‘আই হ্যাভ আ প্ল্যান’ বক্তব্য নিয়েও কটাক্ষ করেন এনসিপি আহ্বায়ক।
রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার দাবি প্রসঙ্গে তিনি বলেন,২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশের মানুষ সেই অভিজ্ঞতা দেখেছে,তাই এ বিষয়ে বড় কথা বলার সুযোগ নেই।
তিনি অভিযোগ করেন,সারা দেশে ১১ দলীয় জোটের নেতাকর্মী ও নারী সমর্থকদের ওপর হামলা চালানো হচ্ছে। “লাশের ওপর দাঁড়িয়ে কেউ ক্ষমতায় আসতে পারবে না,” বলেন তিনি।
ভোটাধিকার নিয়ে হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম বলেন, এনসিপি ও জামায়াত আলাদা ইশতেহার তৈরি করলেও সম্মিলিতভাবে দেশ পরিচালনা করা হবে।কেউ ভোট চুরি বা কেন্দ্র দখলের চেষ্টা করলে আবারও ৫ আগস্টের মতো আন্দোলন হবে বলেও তিনি সতর্ক করেন।
![]()











সর্বশেষ সংবাদ :———