নিজস্ব প্রতিবেদক।।তীব্র তাপপ্রবাহে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান অব্যাহত রাখতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দিয়েছে।

বোবরার (১৯ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে বলা হয়,পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রাত্যহিক সমাবেশ বন্ধ রাখতে হবে।শ্রেণি কার্যক্রম চলাকালীন শ্রেণিকক্ষের সব দরজা-জানালা খোলা রাখতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের বৈদ্যুতিক পাখা,শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (যদি থাকে) সচল রাখতে হবে এবং পর্যাপ্ত বিশুদ্ধ পানির সুব্যবস্থা রাখতে হবে।

শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীদের প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা করতে হবে।নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা,যেনো কোন শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক জরুরি চিকিৎসা সেবা দেয়ার ব্যবস্থা করা যায়।

প্রয়োজনীয় খাবার স্যালাইনের ব্যবস্থা রাখতে হবে।শিক্ষার্থীদের সার্বক্ষণিক শ্রেণিকক্ষে অবস্থান নিশ্চিত করতে হবে।বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীরা যেনো যথাসম্ভব সূর্যের আলো থেকে নিজেদেরকে দূরে রাখেন সে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে অধিদপ্তরের নির্দেশনায়।