নিজস্ব প্রতিবেদক।।নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচনি সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনায় নির্বাচনি উপকরণ স্পর্শ বা অপসারণে নিষেধাজ্ঞাসহ নিরপেক্ষতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে,কোনো সাংবাদিক বা গণমাধ্যমকর্মী নির্বাচন সংশ্লিষ্ট কোনো উপকরণ স্পর্শ বা অপসারণ করতে পারবেন না।একই সঙ্গে সংবাদ সংগ্রহের সময় কোনো প্রার্থী বা রাজনৈতিক দলের পক্ষে কিংবা বিপক্ষে প্রচারণা বা বিদ্বেষমূলক কার্যক্রমে জড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
এছাড়া নির্বাচন অনুষ্ঠানে সহায়তার ক্ষেত্রে নির্বাচনি আইন ও বিধিবিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়। এসব নির্দেশনা লঙ্ঘন বা ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত সকল সাংবাদিক পরিচয়পত্র বাতিল করা হবে বলে সতর্ক করেছে কমিশন।
নির্বাচনি দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সাংবাদিক পরিচয়পত্র, সাপোর্ট স্টাফ (মিডিয়া) পরিচয়পত্র এবং সাংবাদিক গাড়ির স্টিকার নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে নির্বাচন সামগ্রীর সঙ্গে সংগ্রহ করতে হবে।
এদিকে,নির্বাচন কমিশনের ২৬ জানুয়ারি ২০২৬ তারিখের দুটি পূর্ববর্তী স্মারকপত্র ও বিশেষ পরিপত্রের একটি নির্দেশনা বাতিল করা হয়েছে বলেও জানানো হয়েছে।
এই নির্দেশনার সঙ্গে সংযুক্ত রয়েছে—
১) “নির্বাচনি সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক/গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা ২০২৫”
২) সরকার কর্তৃক অনুমোদিত গণমাধ্যম প্রতিষ্ঠানের তালিকা।
২৯ জানুয়ারি ২০২৬ তারিখে জারি করা এই আদেশে স্বাক্ষর করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব (প্রকাশনা ও ডকুমেন্টেশন) আসমী দিসারী জান্ন।নির্দেশনাটি প্রধান নির্বাচন কমিশনার,নির্বাচন কমিশনারগণ,বিভাগীয় কমিশনার,জেলা প্রশাসক,পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে অনুলিপি প্রেরণ করা হয়েছে।









































