নিজস্ব প্রতিবেদক।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে কম বয়সী তিন নারী প্রার্থী নির্বাচনী মাঠে নেমেছেন সীমিত অর্থ,অসম প্রতিদ্বন্দ্বিতা ও সামাজিক বাধা সত্ত্বেও। বয়স তাঁদের সবারই ২৫ বছর—সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সর্বনিম্ন বয়স।তাঁরা হলেন কুমিল্লা-৬ আসনে কামরুন্নাহার সাথী, ঢাকা-১৩ আসনে ফাতেমা আক্তার মুনিয়া এবং নরসিংদী-৫ আসনে তাহমিনা আক্তার।
অর্থনৈতিকভাবে স্বচ্ছল নন,পড়াশোনাও এখনো শেষ হয়নি—তারপরও পরিবার,স্বজন ও দলের সহকর্মীদের সহায়তায় তাঁরা নির্বাচনে অংশ নিয়েছেন।দলীয় পরিচয়ের বাইরে সততা, দায়িত্ববোধ ও মানুষের পাশে থাকার অঙ্গীকারের ভিত্তিতেই ভোটারদের সমর্থন চান এই তরুণ নারী প্রার্থীরা।
কামরুন্নাহার সাথী বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) থেকে মই প্রতীকে কুমিল্লা-৬ আসনে প্রার্থী হয়েছেন। এলএলবি সম্পন্ন করা এই তরুণী বলেন,তাঁরা টাকা খরচ করে রাজনীতি করেন না,মানুষের অধিকার নিয়েই তাঁদের রাজনীতি।ভোটাররা ভালোবেসে তাঁদের পাশে থাকবেন—এই আশাই তাঁর শক্তি।
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী ফাতেমা আক্তার মুনিয়া আপেল প্রতীকে ঢাকা-১৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইংরেজি বিষয়ে স্নাতক শেষ বর্ষের এই শিক্ষার্থী মনে করেন, বয়স নয়—দায়িত্ববোধই আসল।তরুণদের হাতেই দেশের ভবিষ্যৎ নিরাপদ হতে পারে বলে তাঁর বিশ্বাস।দুর্নীতি ও বৈষম্যবিরোধী রাজনীতির বার্তাই তিনি ভোটারদের কাছে তুলে ধরছেন।
একই দলের প্রার্থী তাহমিনা আক্তার নরসিংদী-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।দর্শনে স্নাতক ডিগ্রিধারী তাহমিনা বর্তমানে স্নাতকোত্তরে অধ্যয়নরত।পাশাপাশি কৃষিকাজ ও গবাদিপশুর খামারের সঙ্গে যুক্ত তিনি।প্রচারে নেমে তরুণদের সমর্থন পেলেও বয়স ও নারী পরিচয়ের কারণে কিছু ভোটারের অবজ্ঞার মুখে পড়ছেন বলে জানান তিনি।তবু নতুন ধারার রাজনীতির প্রতি ভোটারদের আগ্রহ তাঁকে আশাবাদী করছে।
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট প্রার্থী ২ হাজার ১৭ জন।এর মধ্যে নারী প্রার্থী ৮৫ জন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,নারী প্রার্থীদের প্রায় ৭৫ শতাংশ উচ্চশিক্ষিত এবং ৬৭ শতাংশ কর্মজীবী।
কম বয়স,সীমিত সম্পদ আর প্রচলিত রাজনীতির বাইরে দাঁড়িয়ে এই তিন তরুণ নারী প্রার্থী প্রমাণ করতে চান—নির্বাচনে অংশ নেওয়ার জন্য অর্থ ও ক্ষমতার পাশাপাশি প্রয়োজন সাহস,সততা ও মানুষের প্রতি দায়বদ্ধতা।






































Recent Comments