নিজস্ব প্রতিবেদক।।সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পাঁচ আগস্ট-পরবর্তী বর্তমান সরকারের কার্যক্রম পর্যালোচনা করে অর্জনের তুলনায় ব্যর্থতার দিকগুলো বেশি তুলে ধরেছে।এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমদ বলেছেন, টিআইবি সরকারের উন্নয়ন দেখতে পায় না।
মঙ্গলবার সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “টিআইবির দিব্যদৃষ্টি বা ভালো দৃষ্টি নেই।দেখতে চাইলে ভালো কিছু দেখতে পারে।”
এ সময় সাংবাদিকরা জানতে চান,ইউনূস প্রশাসন নির্বাচিত সরকারের জন্য কেমন অর্থনীতি রেখে যাচ্ছে।জবাবে অর্থ উপদেষ্টা বলেন,“এই সরকার অর্থনীতিকে একটি সন্তোষজনক জায়গায় রেখে যাচ্ছে,যাতে নির্বাচিত সরকার কাজ করতে পারে।”
ঋণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন,শুধু ঋণের বোঝা বাড়েনি—সরকার সর্বোচ্চ ঋণ শোধও করেছে। “আমরা প্রায় ছয় বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করেছি,” বলেন তিনি। যদিও অনেক উন্নয়ন প্রকল্প স্থগিত হয়েছে বলে স্বীকার করেন অর্থ উপদেষ্টা,তবে তার ভাষায়, “আগের সরকারের অনেক অপ্রয়োজনীয় প্রকল্প বন্ধ করা হয়েছে।”
মেয়াদ শেষের প্রাক্কালে উপদেষ্টাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার বিষয়ে ড. সালেহ উদ্দিন আহমদ জানান,তিনি স্ত্রীসহ তাঁর কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন।
এ ছাড়া আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে সরকার সব ধরনের সহযোগিতা করছে উল্লেখ করে তিনি বলেন,নির্বাচন ব্যবস্থাপনায় বডি ক্যামেরা কেনাসহ প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হচ্ছে।














Recent Comments