নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় মোহাম্মদ ছরওয়ারে আলম নামে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান,বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে মঙ্গলবার মধ্যরাতে রাজারবাগ পুলিশ লাইন অডিটরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টারে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।অভিযানের উদ্দেশ্য ছিল জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও আটক করা।
এ বিষয়ে ডিবি প্রধান বলেন,“আমাদের একটি অভিযান চলমান রয়েছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত বলা সমীচীন নয়।পরে বিস্তারিত জানানো হবে।”
উল্লেখ্য,গত শনিবার রাতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি আপত্তিকর পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।ওই পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য দেখা যায়।
পরবর্তীতে ওই পোস্টটি এক্স অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হয়।এ ঘটনায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়,সাইবার হামলার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশ করা হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।


































Recent Comments