কুমিল্লা প্রতিনিধি।।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় জোটের প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের জসিম উদ্দিনকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
ফলে এই আসনে জামায়াত জোটের শাপলাকলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর বিপরীতে বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী।তিনি বলেন,আগামী ১২ ফেব্রুয়ারি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির কোনো প্রার্থী না থাকায় কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দিতে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “দল ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা জোটের প্রার্থী জসিম উদ্দিনের পক্ষে কাজ করব।দেবিদ্বারবাসীর কাছে আমাদের অনুরোধ—আপনারা ট্রাক প্রতীকের পাশে থাকবেন এবং তার পক্ষে কাজ করবেন।”
এদিকে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, “বিএনপি আমাদের প্রার্থী জসিম উদ্দিনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে এবং তাদের নেতাকর্মীদের তার পক্ষে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।”
![]()








































Recent Comments